ফুলহাম থেকে লোনে ইংল্যান্ডের পঞ্চম টায়ারের ক্লাবে যোগ দিয়েছেন ফারহান

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদকে ধারে ইংল্যান্ডের পঞ্চম টায়ারের ক্লাব বোরহ্যাম উডে পাঠিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম। ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত বোরহ্যাম উডেই খেলবেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফারহানের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় বোরহ্যাম উড। নতুন ক্লাবে ২০ নম্বর জার্সি পরে খেলবেন তিনি।
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহান বাংলাদেশি বংশোদ্ভূত। মাত্র ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে যোগ দেন তিনি। এরপর ধাপে ধাপে নিজেকে ক্লাবটির অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
ফুলহামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করেছিলেন ফারহান। পরে অনূর্ধ্ব-২১ দলে অভিষেক ম্যাচেই গোল করে নজর কাড়েন।
২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি। এরপর প্রিমিয়ার লিগ টু-তে নিজের প্রথম পূর্ণ মৌসুমেই ধারাবাহিক পারফরম্যান্স করেন এই উইঙ্গার।
২০২৫-২৬ মৌসুমে ৬ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেন ফারহান। নভেম্বরে দুই ম্যাচে তিনটি গোলে অবদান রেখে প্রিমিয়ার লিগ টু-এর মাসসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। মৌসুম শেষে বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা পান তিনি।
আন্তর্জাতিক ফুটবলে ২০২৬ সালে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন ফারহান। বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছে।
গতির সঙ্গে একের বিপক্ষে এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার দক্ষতা ফারহানের বড় শক্তি। গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগ তৈরি করতেও পারদর্শী তিনি।
বোরহ্যাম উডে এই ধারের চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো নিয়মিত সিনিয়র ফুটবলের স্বাদ পেতে যাচ্ছেন ফারহান। তরুণ এই উইঙ্গারের বিকাশে এটিকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখছে ক্লাবটি।
source: Asia Post







