রোমে ত্রুটিতে টরন্টো-ঢাকা ফ্লাইট, বিলম্বিত ঢাকা-টরন্টো যাত্রাও

ইতালির রোম ফিউমিচিনো (FCO) বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকাগামী BG306 ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে ঢাকা-রোম-টরন্টোগামী BG305 ফ্লাইটের যাত্রাও পিছিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, BG306 ফ্লাইট পরিচালনার সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।
ত্রুটি পুরোপুরি নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর BG306 রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটির হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, রোমে অবস্থানরত BG306-এর যাত্রীদের জন্য হোটেলে আবাসন ও খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, একই উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হওয়ার কারণে BG305 ফ্লাইটের নতুন প্রস্থানকাল নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট দুপুর ১টা। এ ফ্লাইটের যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান জানিয়েছে, ফ্লাইটসংক্রান্ত যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা ১৩৬৩৬ নম্বরে বিমান হটলাইনে যোগাযোগ করতে পারবেন।
অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
source: Asia Post







