News

ট্রাম্পের এক সিদ্ধান্তেই বিপদে পড়তে যাচ্ছেন আমেরিকানরা

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির জেরে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধ এখন পুরোদস্তুর বাণিজ্য যুদ্ধে রূপ নিয়েছে। ফলে এর প্রভাব পড়তে পারে মার্কিন নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্যেও। বিশেষ করে কানাডা থেকে আমদানি করা টয়লেট ও ফেস টিস্যুসহ প্রায় ৯০০ পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণায় বিপাকে পড়তে পারেন আমেরিকানরা।

সম্প্রতি দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন শুল্কের ‘প্রতি ডলারে ডলার’ পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। কানাডা সরকার প্রায় ৯০০টি মার্কিন পণ্যের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে। পণ্যগুলোর ওপর আগামী ৮ সেপ্টেম্বর থেকে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর অন্যতম কাগজজাত পণ্য। ওয়াশিংটনের ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধির জবাবে কানাডা আগামী ৮ সেপ্টেম্বর থেকে ‘টয়লেট ও ফেস টিস্যু স্টকের’ ওপর ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কস্টকোসহ বিভিন্ন কোম্পানি তাদের কাগজের কাঁচামালের বড় অংশ কানাডা থেকে সংগ্রহ করে থাকে।

বিশ্বব্যাংকের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র কানাডা থেকে ৩২৮ মিলিয়ন ডলার মূল্যের টয়লেট টিস্যু আমদানি করেছে, যা কানাডাকে যুক্তরাষ্ট্রে এই পণ্যের সবচেয়ে বড় রপ্তানিকারকে পরিণত করেছে। ফলে কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রে চারমিন টয়লেট টিস্যুর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর দাম আবার বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ বাস করলেও বিশ্বব্যাপী উৎপাদিত টিস্যুর ২০ শতাংশের বেশি ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্রে। প্রতি গড় আমেরিকান বছরে ১৪১ রোল টয়লেট টিস্যু ব্যবহার করেন। আর টয়লেট টিস্যুর ব্যবহারের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। গড়ে দেশটির প্রতিজন নাগরিক বছরে ১৩৪ রোল টিস্যু ব্যবহার করেন।

source: Asia Post

Back to top button