News

বিষপানে গৃহবধূর আত্মহত্যা, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষপান করে কুলসুম বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তাকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। তার মৃত্যুর পর স্বামী আবুল কালাম তাজেল পালিয়ে গেছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় শশুরবাড়িতে বিষপান করেন ওই গৃহবধূ।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কুলসুম বেগমের সঙ্গে তার শাশুড়ি হোসনা ভানু এবং স্বামীর বিরোধ লেগে থাকত। অভিযোগ রয়েছে, শাশুড়ির প্ররোচনায় বিভিন্ন সময় স্বামী আবুল কালাম তাজেল স্ত্রীকে মারধর করতেন।

গৃহবধূর পরিবার জানায়, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে শাশুড়ির সঙ্গে কুলসুম বেগমের বাকবিতণ্ডা হয়। দুপুরে স্বামী আবুল কালাম তাজেল বাড়িতে খাবার খেতে এলে শাশুড়ি তার বিরুদ্ধে নানা অভিযোগ করেন। স্বামীও কুলসুমকে গালিগালাজ ও মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যান।

সন্ধ্যার দিকে শাশুড়ির সঙ্গে পুনরায় ঝগড়া হলে নির্যাতন সইতে না পেরে অভিমান ও ক্ষোভে ঘরে থাকা চালে ব্যবহৃত কীটনাশক পান করেন। তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

source: Asia Post

Back to top button