News

মাদ্রাসা শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

ডা. বিটু চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের সর্বোচ্চ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উদ্বিগ্ন অভিভাবকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক। শিক্ষার্থীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদ্রাসার অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৯৪ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৮৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। তাদের দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে থাকা এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে লাইফ সাপোর্ট থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ সময় ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. পিয়াস কর্মকার, ডা. মাশকুরুল আলম মিনার, ডা. আফরোজা আক্তার, ডা. আজিজুল শরীফ, ডা. সবুজ আল মাহমুদসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button