News

৩৫ হাজার এনআইডি লক, নাগরিকদের ভোগান্তি

নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য লক হয়ে আছে। এতে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসি সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দুইবার ভোটার হওয়ার ঘটনা। এ ছাড়া আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধেও কিছু এনআইডি লক করা হয়েছে।

দুইবার ভোটার হওয়ার কারণে যেসব নাগরিকের এনআইডি লক হয়েছে, তাদের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হয়। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি রেখে পরবর্তী সময়ে নেওয়া পরিচয়পত্রটি বাতিল করা হচ্ছে। তবে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করেই সিদ্ধান্ত নেওয়া হয়।

এনআইডি কর্মকর্তারা জানিয়েছেন, লক হওয়া এনআইডির সংখ্যা অনেক হওয়ায় সবগুলোর সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। তবে যেসব নাগরিক তাদের লক হওয়া এনআইডি নিয়ে ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বর্তমানে এনআইডি আনলক করার প্রক্রিয়ায় নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে হচ্ছে। এতে দূরবর্তী এলাকার বাসিন্দাদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা কমাতে মাঠপর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছে ইসি।

source: Asia Post

Back to top button