চার ধরন বাদে সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া সতর্কবার্তা

চার ধরনের জরুরি যান ছাড়া অন্য কোনো গাড়িতে বিকট শব্দের হর্ন বা হুটার বাজালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি-৮১ অনুযায়ী এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, উদ্ধারকারী দল ও রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে তীব্র, কর্কশ ও বিকট শব্দের হর্ন বা হুটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
জরুরি ওই বিজ্ঞপ্তিতে বিআরটিএ স্পষ্ট করে জানায়, সাধারণ যানবাহনে এ ধরনের অননুমোদিত হর্ন ও যন্ত্র ব্যবহারের ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। একই সঙ্গে এটি চালকদের বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার মূল কারণগুলোর একটি।
সংস্থাটি আরও উল্লেখ করে, বর্তমানে কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং গণ-উপদ্রবের সৃষ্টি হচ্ছে, যা আইনত একটি দণ্ডনীয় অপরাধ।
এ পরিস্থিতিতে বিআরটিএর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, জরুরি চার ধরনের গাড়ি ছাড়া অন্য কোনো মোটরযানে বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা যে কোনো ভীতিকর শব্দের হর্ন স্থাপন ও ব্যবহার থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকতে হবে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
source: Asia Post







