আকস্মিক হজ ক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি হঠাৎ করেই ক্যাম্পে উপস্থিত হয়ে হজযাত্রীদের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন। তাদের যাত্রা-সংক্রান্ত প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গেও মতবিনিময় করেন।
তাদের উদ্দেশে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান, তা নিশ্চিত করতে হবে।
ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের পবিত্র সফরে যেতে পারেন; এ বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।
source: Asia Post







