News

পর্যটকদের ১৪ দিনের জন্য ফ্রি ভিসা দিচ্ছে ওমান

পর্যটন খাতকে আরও গতিশীল করতে এবং স্বল্পমেয়াদি বিদেশি ভ্রমণ সহজ করতে নতুন ভিসা সুবিধা চালু করেছে ওমান। দেশটির সরকার নির্ধারিত কিছু দেশের নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনা ফিতে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে।

ওমানের সরকারি সংবাদমাধ্যম ওমান অবজারভার ও গালফ নিউজের খবরে বলা হয়েছে, দেশটির রয়্যাল ওমান পুলিশ বিদেশিদের আবাসন আইনের নির্বাহী প্রবিধানের কিছু ধারা সংশোধন করে এ সিদ্ধান্ত জারি করেছে। নতুন বিধানটি ‘রয়্যাল ওমান পুলিশ সিদ্ধান্ত নম্বর ১০৯/২০২৬’-এর আওতায় জারি হয়েছে। এটি প্রকাশের পরদিন থেকেই কার্যকর হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন খাতকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে ওমান ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। নতুন ১৪ দিনের বিনা মূল্যের ট্যুরিস্ট ভিসা সেই উদ্যোগেরই অংশ, যা বিদেশি পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশ আরও সহজ করবে এবং আন্তর্জাতিক পর্যটক আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত দেশগুলোর নাগরিকদের আবেদনের ভিত্তিতে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা দেবে, যার সরকারি ফি নির্ধারণ করা হয়েছে শূন্য ওমানি রিয়াল। অর্থাৎ এই ভিসার জন্য কোনো ভিসা ফি দিতে হবে না।

সংশোধিত বিধিমালায় এই ১৪ দিনের ফ্রি ভিসাকে ট্যুরিস্ট ভিসার একটি নতুন শ্রেণি হিসেবে যুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রবেশ ভিসার সরকারি ফি-সংক্রান্ত তালিকাতেও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে এর ফি শূন্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া নতুন ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো— ১৪ দিনের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ভ্রমণকারীরা চাইলে নির্ধারিত নিয়ম, শর্ত ও প্রযোজ্য ফি পরিশোধের মাধ্যমে একে অন্য যেকোনো ট্যুরিস্ট ভিসায় রূপান্তর করতে পারবেন। ফলে স্বল্প সময়ের সফর দীর্ঘায়িত করার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হয়েছে।

তবে কোন কোন দেশের নাগরিক এই সুবিধা পাবেন, সেই তালিকা এখনো প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত দেশগুলোর নাগরিকরাই এই ফ্রি ভিসার জন্য যোগ্য হবেন।

গালফ নিউজ বলেছে, নতুন এই বিধান কার্যকর হওয়ার মাধ্যমে আগের প্রবিধানের যেসব ধারা এর সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো বাতিল বলে গণ্য হবে।

source: Rajneete

Back to top button