News

‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে গত ৪ আগস্ট এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি এক প্রতিবাদলিপি পাঠান।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, গত ৪ আগস্ট এশিয়া পোস্টে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের বিষয়বস্তুর সঙ্গে আমার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা কিংবা সংশ্লিষ্টতা নেই। উক্ত প্রতিবেদনে কোনোপ্রকার তথ্য-যাচাই বা সরাসরি যোগাযোগ ছাড়াই আমার নাম জড়িয়ে যে ধরনের দাবি করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, প্রকৃত সত্য এই যে—১. উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম অন্তর্ভুক্তি : উক্ত টেলিগ্রাম গ্রুপ বা কোনো গোপন কার্যক্রমের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অনুমতি বা সম্মতি ছাড়াই বা অনাকাঙ্ক্ষিতভাবে নাম যুক্ত করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। ২. পেশাগত দায়বদ্ধতা : শিক্ষকতা একটি সম্মানজনক ও স্বাধীন পেশা। আমরা সর্বদা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশ, শিক্ষার গুণগত মান এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছি।

আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি উক্ত সংবাদের সঙ্গে আমার নাম জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করছি এবং সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের নিকট বিষয়টি যথাযথভাবে সংশোধনপূর্বক এই প্রতিবাদলিপি প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি।

source: Asia Post

Back to top button