আগস্টে দুই দফায় ৮ দিনের ছুটির সুযোগ

চলতি আগস্টে দুই দফায় আট দিন ছুটির সুযোগ পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে দুই দফায় এই ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে দুবারই টানা চার দিন করে ছুটি মিলবে।
আগস্টের সরকারি ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে।
তবে ওই এক দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
এ ছাড়া আগস্টে সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। যদিও এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
ঈদে মিলাদুন্নবীর ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার)। তারপর ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এ ক্ষেত্রে ২৭ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও এ উপলক্ষে ছুটি দেওয়া হয়ে থাকে।
তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির বিধান প্রযোজ্য নাও হতে পারে।
source: Asia Post






