জাতীয়
ট্রেন্ডিং

বিমানে বোমা হামলার হুমকি, নিরাপদে অবতরণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালির রোম থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এ হুমকি দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরই বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে বিমানটি ঢাকায় নিরাপদে অবতরণ করে। পরে বিমানবাহিনীর সদস্যরা নিরাপত্তার সঙ্গে যাত্রীদের নামিয়ে আনেন।

তিনি জানান, বোয়িং ৭৮৭ মডেলের বিমানটিতে ২৫০ জন যাত্রী ও ১২ ক্রু ছিলেন। তাদের নিরাপদে বের করে টার্মিনালে আনা হয়েছে। বর্তমানে বিমানবাহিনীর সদস্যরা উড়োজাহাজটি ঘিরে রেখেছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ফ্লাইটের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। বর্তমানে যাত্রীদের লাগেজে তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

Back to top button