অটোরিকশার বেপরোয়া গতি, গুরুতর আহত আড়াই মাসের শিশু

কুমিল্লা নগরের কালিয়াজুরি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার হঠাৎ ব্রেকে গাড়ির ভেতরের স্টিলের পাইপে মাথা লেগে গুরুতর আহত হয়েছে আড়াই মাসের শিশু ওমর। এতে শিশুটির মাথার হাড় ভেঙে মস্তিষ্কে আঘাত লেগেছে। প্রথমে কুমিল্লার দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে টিকা দিতে মায়ের সঙ্গে কালিয়াজুরি টিকাকেন্দ্রে গিয়েছিল ওমর। বাড়ি ফেরার পথে অটোরিকশায় এ দুর্ঘটনা ঘটে।
ওমর নগরের ডুমুরিয়া চানপুর এলাকার শরিফুল ইসলাম ও মাহিনুর আক্তার স্বর্ণালির ছেলে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, অটোরিকশাচালকের বেপরোয়া গতি দেখে ভয় পেয়ে যান ওমরের মা। তিনি গাড়ি থেকে নেমে যেতে চাইলে পরে ধীরে চালানোর শর্তে আবার যাত্রা শুরু করেন। কিছু দূর যাওয়ার পর চালক হঠাৎ ব্রেক করলে মা গাড়ির ভেতরের স্টিলের পাইপে আঘাত পান। একই সময়েও তার কোলে থাকা ওমরের মাথাও পাইপে সজোরে লাগে। এতে শিশুটির মাথার ওপরের অংশের হাড় ভেঙে যায় এবং মস্তিষ্কে আঘাত লাগে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অটোরিকশাটি জব্দ করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে থানায় জানানো হয়েছে।
চলতি বছর কান্দিরপাড়ের পূবালী চত্বর, নিউ মার্কেট এলাকা, ঠাকুরপাড়া ও রেসকোর্সে অটোরিকশার চাপায় চারজন নিহত হয়েছেন।
source: Asia Post








