দাবি আইআরজিসির/হরমুজে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা।
সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির তথ্য অনুযায়ী, আক্রান্ত ট্যাংকারগুলোর একটি হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে এবং অন্য দুটি প্রণালির পূর্বাংশে অবস্থান করছিল। দখলদার মার্কিন সেনাবাহিনীর আকাশপথের সুরক্ষা ও প্রহরার মধ্যে থাকা অবস্থাতেই ট্যাংকার তিনটি নৌ মাইনে আঘাত হানে। এতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।
আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের এই প্রহরা দুর্ঘটনাগুলো প্রতিরোধে ব্যর্থ হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এসব জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ছবি ও ফুটেজ প্রকাশ করা হবে।
পাশাপাশি প্রণালিতে অননুমোদিত নৌপথ ব্যবহার না করতে এবং সামুদ্রিক চলাচলের নিয়মাবালি মেনে চলতে জাহাজ মালিক ও নাবিকদের সতর্ক করেছে আইআরজিসি নৌবাহিনী।
তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম বা সেগুলো কোন দেশের পতাকাবাহী, তা জানানো হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করলে গত ১২ জুলাই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত পথের বাইরে অন্য কোনো রুট ব্যবহার করলে বা অনুমতি ছাড়া এই জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলে সেই জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করা হয়েছিল।
source: Asia Post







