মাঠে নামার মতো শক্তি আওয়ামী লীগের নেই: রাশেদ খান

আওয়ামী লীগের রাজপথে নামার রাজনৈতিক ও নৈতিক সাহস আর অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন। তিনি বলেন, দলটির (আওয়ামী লীগ) পতন বাংলাদেশে ঘটেছে এবং রাজনৈতিক দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং বিচারিক প্রক্রিয়া চলা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা মাঠে নামতে পারেনি।
হাইকোর্ট ও জগন্নাথ হল সংলগ্ন এলাকায় বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণের ঘটনার কঠোর সমালোচনা করে রাজনৈতিক উপদেষ্টা বলেন, কিছু টাকা-পয়সার বিনিময়ে এসব পটকা ফোটানো ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। রাজপথে আন্দোলন করার ক্ষমতা হারিয়ে এখন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে নিজেদের উপস্থিতির জানান দেওয়ার চেষ্টা করছে তারা, যা মূলত আওয়ামী লীগের নিঃশেষ হয়ে যাওয়ারই প্রমাণ।
তিনি আরও বলেন, তৎকালীন স্বৈরাচারী শাসনের সময় যারা অন্যায়, অপরাধ এবং জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল, দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে যথাযথ ন্যায়বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে।
source: Asia Post







