News

যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, শান্তি আলোচনায় ইউরোপকে রাখতে সম্মত রাশিয়া

ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় দেশগুলোকে যুক্ত করার বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বন্দিবিনিময়ের উদ্যোগ নিয়েও কাজ করছে ওয়াশিংটন। তবে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা এবং ভূখণ্ডের মালিকানা নিয়ে মস্কো ও কিয়েভের মতপার্থক্য এখনো রয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। প্রায় আড়াই ঘণ্টার ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ, ইউরোপের অংশগ্রহণ এবং যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে উইটকফ রুশ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরা অংশ নেবেন। তার ভাষায়, এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কারণ ইউরোপের দেশগুলো এ যুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত এবং তাদের অংশগ্রহণ ছাড়া স্থায়ী সমাধান কঠিন। ইউক্রেন এতদিন ধরে এ আলোচনায় ইউরোপের দেশগুলোকে রাখার পক্ষে থাকলেও রাশিয়া এই প্রথম রাজি হলো।

পরে আয়ারল্যান্ডের ডাবলিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন দুই মার্কিন দূত। ইউরোপীয় নেতাদের সম্মেলনে অংশ নিতে ডাবলিনে ছিলেন জেলেনস্কি। তিনি পরবর্তী আলোচনায় ইউরোপের অংশগ্রহণের খবরে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে আলোচ্যসূচিতে যুদ্ধবিরতি ও সংঘাত প্রশমনের বাস্তব পদক্ষেপ রাখার প্রত্যাশা জানান।

কুশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের উদ্যোগ নিয়েও কাজ করছে। এতে কয়েক হাজার মানুষ পরিবারের কাছে ফিরে যেতে পারেন। তবে বন্দির সংখ্যা, বিনিময়ের সময়সূচি কিংবা এ বিষয়ে দুই পক্ষের চূড়ান্ত সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১০ ও ১১ নভেম্বর দুই দিনের ত্রিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেন। ৯ মাস পর এটিই ছিল দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথম সরাসরি আলোচনা। আলোচনায় কিছু অগ্রগতি হলেও ভূখণ্ড ও নিরাপত্তার প্রশ্নে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

ভূখণ্ড ও নিরাপত্তায় অনড় দুই পক্ষ

রাশিয়ার মূল দাবিগুলোর একটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। তবে দনবাসের অবশিষ্ট অংশ ছেড়ে দিতে রাজি নয় কিয়েভ। যুদ্ধ বন্ধের পর ইউক্রেনে ইউরোপীয় বা পশ্চিমা সেনা মোতায়েনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন পুতিন। তার হুঁশিয়ারি, এমন সেনা মোতায়েনকে রাশিয়া নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে এবং এতে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে।

অন্যদিকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো সমঝোতায় যেতে চায় না কিয়েভ। কুশনারও বলেছেন, স্থায়ী শান্তির জন্য বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা এবং উভয় পক্ষের উত্তেজনা প্রশমনের প্রতিশ্রুতি প্রয়োজন।

এদিকে ডাবলিনে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের (ইপিসি) সম্মেলনে ৪০টির বেশি দেশের নেতারা অংশ নিয়েছেন। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইউরোপের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা নিয়েও সেখানে আলোচনা হচ্ছে। ইউরোপীয় নেতারা মনে করছেন, মহাদেশটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণকারী কোনো আলোচনায় তাদের বাদ রাখা যায় না।

তবে ইউরোপের অংশগ্রহণ নিয়ে এখনো মস্কোর আনুষ্ঠানিক অবস্থান পুরোপুরি স্পষ্ট নয়। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ পরবর্তী আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত করেননি। ফলে নতুন উদ্যোগে অগ্রগতির আভাস মিললেও যুদ্ধ বন্ধের চূড়ান্ত সমঝোতার পথ এখনো অনিশ্চিত।

তথ্যসূত্র: রয়টার্স, এপি, দ্য গার্ডিয়ান

source: Rajneete

Back to top button