ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে সব ধরনের ইলিশ আমদানি বন্ধ করেছে দিয়েছে মৎস্য অধিদপ্তর। আগে ইস্যু করা ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) সরাসরি বাতিল করেছে বাংলাদেশ সরকার। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে হঠাৎ অনাপত্তিপত্র বাতিলের নির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে এর আগে গত সপ্তাহে অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক জানান, স্থানীয় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের অনুমোদনক্রমে সীমিত পরিসরে ভারত থেকে ইলিশ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল।
বন্দর সূত্রের বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বিগত দুই মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত থেকে মোট সাড়ে তিন লাখ কেজিরও বেশি (প্রায় ৩৫০০ কুইন্টাল) ইলিশ বাংলাদেশে প্রবেশ করে। আমদানিকৃত এই ইলিশের আনুমানিক আর্থিক মূল্য ছিল প্রায় সাত কোটি টাকা।
তবে দেশের অভ্যন্তরীণ বাজারে ভারতীয় ইলিশের প্রবেশ ও সরবরাহ বৃদ্ধি পাওয়ার পর তা নিয়ে সর্বসাধারণ ও বাণিজ্য মহলে নানা ধরনের বিতর্ক ও আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটেই গত মঙ্গলবার মৎস্য অধিদপ্তর পূর্বে দেওয়া অনাপত্তিপত্রগুলো তাৎক্ষণিকভাবে বাতিল ঘোষণা করে। এর ফলে বুধবার থেকে বেনাপোলে ভারতীয় ইলিশের চালান খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
source: Asia Post







