News

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাপানের জেবিআইসি গভর্নর, ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতের উন্নয়নসহ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য জেবিআইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের কার্যকর উদ্যোগ নিয়েছে। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ সৃষ্টিতে তার সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশ সরকারের সামগ্রিক উন্নয়ন লক্ষ্য ও অগ্রগতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এ সময় বাংলাদেশে জেবিআইসির একটি পূর্ণাঙ্গ কার্যালয় খোলার জন্য অনুরোধ জানানো হয়। জবাবে জেবিআইসির গভর্নর প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রমুখ।

source: Asia Post

Back to top button