শেকৃবির সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে দুই সংসদ সদস্যকে (এমপি) মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনীত সংসদ সদস্যরা হলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান এবং সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম।
সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১৮(১)(খ) ধারা মোতাবেক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে এই দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এই মনোনয়নের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্পিকার ও ডেপুটি স্পিকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
source: Asia Post







