ঢাকার ৩০০ ফিটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

ঢাকার কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিটের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামের এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি বিভাগে আহত ইমরানের চিকিৎসা চলছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. লিজন বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারে ধাক্কায় দুজন গুরুতর আহত হন। নিহত ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে শুধু নিজের নাম ইয়াসিন বলতে পেরেছিলেন। আর কিছুই বলতে পারেননি। ইয়াসিনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে আহত যুবক ইমরান মগবাজার এলাকায় থাকেন ও টেইলার্সের কারিগর হিসেবে কাজ করেন বলে নিজেই জানিয়েছেন। সন্ধ্যায় তিনি ৩০০ ফিট এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় তিনি আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
source: Asia Post







