News

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ চলাকালে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেয় দিল্লি পুলিশ। তার সঙ্গে আটক তৃণমূল কংগ্রেসের নেতারাও মুক্তি পেয়েছেন। অন্যদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জাফরপুর কালান পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়

ভারতের সিইসির পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিল এবং নির্বাচন কমিশনার নিয়োগের আইন পরিবর্তনের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের কর্মসূচি দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

তবে সেখানে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আন্দোলনকারীদের যন্তর মন্তরে যেতে বাধা দিতে বিভিন্ন সড়কে বসানো হয় ব্যারিকেড এবং মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য।

বিক্ষোভে অংশ নিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ বিরোধী দলের একাধিক নেতা আটক হন। মমতার সঙ্গে আটক তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সিইসির পদত্যাগের দাবিতে ধর্নায় বসার পর দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়।

বামপন্থি নেতারাও আটক

সিপিআই-এমের পক্ষ থেকে জানানো হয়েছে, পিনারাই বিজয়ন ছাড়াও দলটির সাধারণ সম্পাদক এম এ বেবি, নেতা এম ভি গোবিন্দন মাস্টার, এ বিজয়রাঘবন, কে কে শৈলজা, জন ব্রিটাস, কে এন বালাগোপাল ও বৃন্দা কারাতকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা এবং দলটির আইনি উপদেষ্টা আইনজীবী রত্না সিংহসহ কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। তবে অভিজিৎ দীপকে ও দুই নেতাকে আটকের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিজেপির আরেক নেতা অজিঙ্ক শিন্ডে।

রোববার (১১ অক্টোবর) যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করে সেখানে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন শিন্ডে। সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মোদি সরকার ভয় পাচ্ছে। আমরা আবার একজোট হলে তাদের ক্ষমতার গদি টলে যেতে পারে।’

‘কিন্তু আমরা পিছু হটছি না! আগামীকাল আবার যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করব। আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করব,’ লেখেন শিন্ডে। পোস্টের সঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও যুক্ত করেছেন তিনি।

source: Rajneete

Back to top button