News

টেকনাফে আটকে রেখে ৬৫ জনকে সমুদ্রপথে পাঠানো হচ্ছিল মালয়েশিয়া, আটক ১১

অপহরণের পর কক্সবাজারের টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল তাদের। পরে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে একটি বোটে তোলা হয়। কিন্তু সাগরের মাঝপথে বোটটির ইঞ্জিন ও পানি নিষ্কাশনের পাম্প বিকল হয়ে পানি ঢুকতে শুরু করে। এর মধ্যে বোটটি থেকে ৬৫ জনকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে আটক করা হয় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেন্টমার্টিনের কাছাকাছি গভীর সমুদ্রে নিয়মিত টহলের সময় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নৌবাহিনীর গণসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নৌবাহিনীর বিজ্ঞপ্তি অনুযায়ী, সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোট সমুদ্রে ভাসমান একটি কাঠের বোট দেখতে পায়। ওই বোটে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে বোটটি থেকে ৭৬ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়।

নৌবাহিনী জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশকে মানব পাচারকারী চক্রের সদস্যরা অপহরণের পর টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে ওই বোটে তোলা হয়। এ সময় বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে তাতে পানি ঢুকতে শুরু করে। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করেন।

নৌবাহিনী আরও জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়েছে। আটক ১১ পাচারকারী এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

source: Asia Post

Back to top button