News

জমজমের পানি দিতে বিলম্ব: বিমানের ২ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৩৮-এর যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় সংশ্লিষ্ট ২ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ (অতিরিক্ত দায়িত্বে) মহিউদ্দিন আহমেদ।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এরপর জমজমের পানি ব্যাগেজ বেল্টে সময়মতো না পৌঁছানোয় যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়।

মহিউদ্দিন আহমেদ জানান, প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে বিলম্বের বিষয়টি জানা গেছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মন্ত্রীর নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান জানায়, বিষয়টি নজরে আসার পর ওমরাহ যাত্রীদের সাময়িক দুর্ভোগ কমাতে নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয়। পরে অপর কন্টেইনারটি শনাক্ত করে সেটিও সরবরাহ নিশ্চিত করা হয়।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভ্যন্তরীণ তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

উল্লেখ্য, ওমরা থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়ে লিখিত অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেনসহ জামায়াতে ইসলামীর চার এমপি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক বরারব লেখা ওই অভিযোগ পত্রে তারা জানান, স্বাক্ষরকারী চারজনসহ বিজি৩৩৮ (মদিনা-ঢাকা)-যোগে যেসব যাত্রীরা ঢাকায় অবতরণ করেন, তাদের অধিকাংশ যাত্রী (যাদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্য) ট্যাগযুক্ত পানির লাগেজ ৩ ঘণ্টা অতিবাহিত হলেও পাননি।

অভিযোগে বলা হয়, বিষয়টি নিয়ে দীর্ঘ সময় যৌক্তিক কারণ উত্থাপন করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়া যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য বলা হলো। এ ক্ষেত্রে ৪ কর্মদিবস সময় দেওয়া হলো।

অভিযোগপত্রে স্বাক্ষরকারী চার সংসদ সদস্য হলেন, শেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দীন ও খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button