ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য দুঃসংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকরা জন্য সাময়িক সময়ের জন্য ভোগান্তিতে পড়তে পারেন। কারণ, ওই মহাসড়কের দাউদকান্দি সেতু পার হয়ে আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে জরুরি মেরামত কাজ চলায় যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত মোট দেড় ঘণ্টা এই মেরামত কাজ চলবে। এ সময় ঢাকামুখী লেনগুলোর মধ্যে একটিমাত্র লেন দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
হাইওয়ে পুলিশের স্টাফ অফিসার (টু অ্যাডিশনাল আইজিপি) তারিক লতিফ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সেতুটির মেরামতকাজ চলাকালে মহাসড়কের সংশ্লিষ্ট অংশে যানবাহন চলাচল সীমিত রাখা হবে।
পরিস্থিতি বিবেচনায় সাময়িক বিড়ম্বনা এড়াতে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে গন্তব্যে রওয়ানা হওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
source: Asia Post







