News

হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারালেন নেইমার

ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলারকে হারালেন নেইমার। ব্রাজিলের সান্তা কাতারিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৪১ বছর বয়সী আভেলারসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বন্ধুর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

সোমবার পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের উদ্দেশে উড্ডয়নের পর হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ২৪ ঘণ্টার অনুসন্ধানের পর মঙ্গলবার উরুবিসি এলাকায় এর ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারী দল। হেলিকপ্টারে থাকা পাঁচজনের কেউই বেঁচে ছিলেন না। নিহতদের মধ্যে ছিলেন ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী রিক সোল্লো ও ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেসও।

আভেলার শুধু নেইমারের বন্ধু ছিলেন না, তার পরিবারের সঙ্গেও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। নেইমার জুনিয়র ইনস্টিটিউটের বিভিন্ন আয়োজন ও নিলামের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নেইমারের ব্রাজিলে ফেরা এবং সান্তোসে প্রত্যাবর্তনের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ব্যবসায়ী।

বন্ধুকে স্মরণ করে ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার লিখেছেন, “যখন আমি ব্রাজিলে ফিরতে পেরেছিলাম, তুমি আমাকে অনেক সাহায্য করেছিলে… ধন্যবাদ। শান্তিতে ঘুমাও।” সঙ্গে আভেলারের একটি পুরোনো ভিডিওও শেয়ার করেন তিনি।

আভেলারের মৃত্যুতে শোক জানিয়েছে নেইমারের ক্লাব সান্তোসও। ক্লাবটির বিভিন্ন প্রকল্পের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক ছিল বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম।

source: Asia Post

Back to top button