কুবি শিক্ষকের ১৩ বছরের সন্তান অপ্রতিম নিখোঁজ, খুঁজছে পরিবার ও পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর সে আর ঘরে ফেরেনি। নিখোঁজ অপ্রতিম স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
অপ্রতিমের নিখোঁজের পর পরিবারে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মা নাহিদা নাহিদ জানান, বিকেলে তার আইফোনটি নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম। বের হওয়ার সময় তার পরনে ছিল একটি পাঞ্জাবি।
ছেলের সন্ধানে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম, বয়স ১৩, পড়ে সপ্তম শ্রেণিতে। হারানোর সময় গায়ে এই পাঞ্জাবিটাই ছিল। আমার আইফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তুলতে গিয়ে আর ফেরেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করুন। হাত জোড় করছি, আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’
পরে মধ্যরাতে অরেক পোস্টে তিনি নিজের গভীর উদ্বেগের কথা জানিয়ে লেখেন, ‘আমার ছেলেকে আমি কোথায় খুঁজব, জঙ্গলে নাকি পানিতে? ও কি বেঁচে আছে?’
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জানান, নিখোঁজের ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে ঘটনার পর থেকে এখনও তার কোনো সন্ধান মেলেনি।
পুলিশ নিখোঁজ অপ্রতিমের মায়ের আইফোনের লোকেশন ট্রেস বা অবস্থান শনাক্তের চেষ্টা চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত ফোনটির সর্বশেষ লোকেশন কোটবাড়ির গন্ধমতী এলাকাতেই দেখাচ্ছিল। এরপর থেকে আর মোবাইলটির সংযোগ বা লোকেশন পাওয়া যাচ্ছে না।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিখোঁজ অপ্রতিমের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছেন এবং সর্বশেষ কখন অপ্রতিমকে দেখা গেছে তা জানার চেষ্টা করছেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখছে পুলিশ।
অপ্রতিমের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নাহিদা নাহিদ। তার দেওয়া যোগাযোগ নম্বর—০১৯৭৪৮৮৮৬৬৫।
source: Asia Post







