উত্তরাঞ্চলের আকাশে চাঁদ-তারার বিরল মেলবন্ধন, মুগ্ধ দর্শনার্থীরা

লালমনিরহাটসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার আকাশে দেখা মিলল চাঁদ ও তারার অপূর্ব ও বিরল এক মেলবন্ধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলের শেষ আলো মেলাতেই উত্তরাঞ্চলের পরিষ্কার আকাশে এমন বিরল দৃশ্য দৃশ্যমান হয়।
সন্ধ্যার পর আকাশ স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে চাঁদের একদম কাছে উজ্জ্বল তারার এমন উপস্থিতি চোখ পড়ে সাধারণ মানুষের। বিরল ও নান্দনিক এই দৃশ্য দেখতে বাড়ি-ঘরের ছাদ, খোলা মাঠ ও রাস্তার মোড়ে ভিড় জমায় কৌতূহলী মানুষ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, সচরাচর রাতের আকাশে চাঁদ ও তারা দেখা গেলেও আজকের দৃশ্যটি ছিল একদমই ব্যতিক্রম। চাঁদের খুব কাছাকাছি উজ্জ্বল একটি তারা অবস্থান নেওয়ায় পুরো দৃশ্যটি একটি মনোরম ও নান্দনিক রূপ নেয়, যা পথচলতি মানুষ থেকে শুরু করে সব বয়সের দর্শককে মুহূর্তের মধ্যে মুগ্ধ করে তোলে। অনেকে এই অপূর্ব মুহূর্তটি মুঠোফোনে বন্দি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন।
উত্তরাঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরসহ আশপাশের বিভিন্ন সীমান্ত এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখার জন্য সাধারণ মানুষের উৎসাহ বৃদ্ধি পেতে দেখা গেছে। প্রকৃতি ও মহাকাশের এই নয়নাভিরাম মেলবন্ধন স্থানীয়দের মাঝে বেশ সাড়া ফেলেছে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বিকেলের দিকে হালকা আলো থাকতেই আকাশে দৃশ্যটি চোখে পড়ে। সন্ধ্যার পর যখন অন্ধকার নেমে এল, তখন চাঁদের পাশে তারাটিকে আরও উজ্জ্বল ও স্পষ্ট দেখাচ্ছিল। এত কাছে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। সত্যি দারুণ লেগেছে।
এদিকে কুড়িগ্রাম থেকে আসা পথচারী মো. তারেক হোসেন অনুভূতি ব্যক্ত করে বলেন, কাজ শেষে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি হাটে-বাজারে মানুষজন ওপরের দিকে তাকিয়ে আছে। খেয়াল করে দেখি চাঁদের একবারে কাছেই তারাটি জ্বলজ্বল করছে। আমরা প্রতিদিন আকাশ দেখি, কিন্তু আজকের দৃশ্যটা একদমই আলাদা আর অসাধারণ সুন্দর মনে হলো।
অন্যদিকে মহাজাগতিক এমন দৃশ্য দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় সামিয়া আক্তার। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছবি পোস্ট করছিল, পরে ঘরের বাইরে এসে দেখলাম উত্তর আকাশে চাঁদ আর তারা একদম কাছাকাছি অবস্থান করছে। ছবি তুলে রেখেছি, প্রকৃতি মাঝেমধ্যে এমন চমৎকার দৃশ্য উপহার দেয় যা মন ভালো করে দেয়।
source: Asia Post






