News

জুলাই শহীদের আত্মত্যাগ দলীয় বা ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না দেওয়ার অঙ্গীকার

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, তাদের আত্মত্যাগের চেতনা ধারণ এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)। এ লক্ষ্যে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক কর্মযাত্রা শুরু করেছে সংগঠনটি।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম কর্মসূচি হিসেবে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ভাই-বোনদের গণকবর জিয়ারত করা হয়। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর দ্বিতীয় কর্মসূচি হিসেবে দুপুর সাড়ে ১টায় গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এসডিএফের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তৃতীয় কর্মসূচি হিসেবে ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করা হয়। তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সম্পন্ন করা হয়।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আ ন ম আয়াস এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

এ সময় রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমাদের এই আনুষ্ঠানিক যাত্রা কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকারের প্রকাশ। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা কথা বলার অধিকার পেয়েছি, তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রসংলাপ ফোরাম কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা ক্ষমতার স্বার্থে প্রতিষ্ঠিত হয়নি। জনগণের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, আইনের শাসন, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার দায়িত্ব সবার উল্লেখ করে আয়াস বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে কোনোভাবেই যেন দলীয় বা ব্যক্তিস্বার্থে ব্যবহার করা না হয়, এ বিষয়ে আমরা সচেতন ও দৃঢ়প্রতিজ্ঞ।

প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সংলাপের রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন আয়াস। তিনি বলেন, মত ও পথের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রসংলাপ ফোরাম সেই ঐক্য, সংলাপ ও গণতান্ত্রিক সমঝোতার একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এ সময় রাষ্ট্রসংলাপ ফোরামের নেতৃবৃন্দ জানান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সংগঠনটি আপসহীন। একই সঙ্গে জনগণের মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথে এগিয়ে যাবে এসডিএফ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)-এর সহসভাপতি আলভি নাবিল হোসেন (শহীদ সোহেল রানার ভাই), সহমুখপাত্র শারমিন আক্তার, সহসাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, ধর্মবিষয়ক সম্পাদক ডা. মুফতি আদম আলী, বিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. তামিম হাসানসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

source: Asia Post

Back to top button