সিরিয়ার ইদলিবে অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ: প্রাণহানি অন্তত ১৪

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ইদলিবে একটি সাময়িক অস্ত্র মজুদ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে আশপাশের এলাকা। প্রদেশটির সারমাদা শহরের কাছে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুদ্ধের অবশিষ্টাংশ ও বিভিন্ন অস্ত্রসামগ্রী নিরাপদ স্থানে স্থানান্তরের সুবিধার্থে কেন্দ্রটিতে সাময়িকভাবে জমা রাখা হয়েছিল। স্থানান্তর কাজ চলার মধ্যেই এই আকস্মিক বিস্ফোরণ ঘটে, যাতে ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন সামরিক কর্মীও আহত হন।
বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক উদ্ধারকারী ইউনিট। তবে ভেতরের গোলাবারুদে একের পর এক সেকেন্ডারি বিস্ফোরণ ঘটতে থাকায় আগুন নেভানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘণ্টার পর ঘণ্টা ধরে এলাকাটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ইদলিবে এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। মাত্র কয়েক দিন আগে, গত ১ সেপ্টেম্বর প্রদেশের বিন্নিশ এলাকায় একটি গোলাবারুদবাহী সামরিক গাড়িতে আকস্মিক বিস্ফোরণে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হন।
source: Rajneete







