ময়মনসিংহ বিভাগে পাসের হারে শীর্ষে নেত্রকোনা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে পাসের হারে শীর্ষে অবস্থান করছে নেত্রকোনা। জেলাটিতে এবার গড় পাসের হার ৬০.৪৯ শতাংশ। এ ছাড়া প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত কেন্দুয়া উপজেলার ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থী পাস করে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।
জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের চার জেলার মধ্যে ময়মনসিংহে পাসের হার ৫৭.৮০ শতাংশ, জামালপুরে ৫৫.৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫.৪১ শতাংশ। সার্বিক ফলাফলে ৫৭ থেকে ৬০ শতাংশের ঘরে থাকলেও বাকি তিন জেলাকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে নেত্রকোনা।
উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, নেত্রকোনা জেলার মধ্যে সবচেয়ে বেশি পাসের হার মোহনগঞ্জে ৬৮.৩৬ শতাংশ। এ ছাড়া নেত্রকোনা সদরে ৬৪.৩১ শতাংশ, মদনে ৬০.৮২ শতাংশ, পূর্বধলায় ৬০.৪৯ শতাংশ, কলমাকান্দায় ৫৯.২৮ শতাংশ, দুর্গাপুরে ৫৮.৩০ শতাংশ, কেন্দুয়ায় ৫৫.০৭ শতাংশ, আটপাড়ায় ৫০.৮২ শতাংশ, খালিয়াজুরীতে ৪৯.৪১ শতাংশ এবং বারহাট্টা উপজেলায় ৪৯.৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
জেলা শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, নেত্রকোনার কোনো সাধারণ উচ্চবিদ্যালয়ে এবার শতভাগ শিক্ষার্থী ফেল করেনি। তবে কারিগরি (ভোকেশনাল) শাখায় ‘মালনী কারিগরি স্কুল’ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এবার নেত্রকোনায় দাখিল পরীক্ষায় পাসের হার ৫৩.৬১ শতাংশ এবং ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৪৬.৬০ শতাংশ।
হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শতভাগ পাসের বিষয়ে প্রধান শিক্ষক আশাদুজ্জামান বলেন, আমরা বছরজুড়েই শিক্ষার্থীদের নিয়মিত ও পূর্ণাঙ্গ পাঠদানের চেষ্টা করি। শিক্ষক ও শিক্ষার্থীদের এই নিষ্ঠার ফলেই শতভাগ পাস সম্ভব হয়েছে। আশা করছি ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত থাকবে।
নেত্রকোনা জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ জানান, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষমুখী করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে। শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা গেলে সামনের বছরগুলোতে শিক্ষার মান ও ফলাফল আরও ভালো হবে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, জেলার সব উচ্চবিদ্যালয় ও কলেজে বিতর্ক, বিজ্ঞান, ভাষা এবং সাংস্কৃতিক ক্লাব গঠনের মতো গঠনমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে, যা তাদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি ফলাফলেও ইতিবাচক প্রভাব ফেলবে।
source: Asia Post







