News

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের সাম্প্রতিক আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়।

দীনেশ ত্রিবেদী ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তাসংশ্লিষ্ট অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশের যৌথভাবে কাজ করে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

source: Asia Post

Back to top button