News

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নিন্দা

ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, জুলাইয়ে বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টের শুরুতে ২০২৪ সালের ১ আগস্ট আজমেরী হক বাঁধনের এক বক্তব্য তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে বক্তব্য বাঁধন বলেছিলেন, ‘আজ ওখানে আমার সন্তানও থাকতে পারত। এভাবে শান্তিতে থাকা যায় না। এগুলো বন্ধ করতে হবে। আমরা সবাই বিচার চাই। রাষ্ট্রের কাছে বিচার চাই।’

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘জুলাইয়ের কঠিন দিনগুলোতে আজমেরী হক বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন, রাজপথে নেমেছিলেন। নীরব থাকা যখন অনেক সহজ ছিল, তখন তিনি নীরব থাকেননি।’

আরো পড়ুন

তিনি লেখেন, ‘আজ আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ভেনিস ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে পরিবারসহ হামলার শিকার হয়েছেন আজমেরী হক বাঁধন। হামলার সময় তাকে জোর করে ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয়।’

তার মতে, রাজনৈতিক স্লোগান যখন ভয়, হুমকি কিংবা শক্তি প্রয়োগ করে কারও মুখে তুলে দেওয়ার চেষ্টা করা হয়, তখন সেটি আর রাজনৈতিক আদর্শ থাকে না, হয়ে ওঠে জবরদস্তি ও অসহিষ্ণুতার রাজনীতি।

source: Asia Post

Back to top button