News

কক্সবাজারের ক্যাম্প থেকে রাঙামাটিতে রোহিঙ্গারা, যৌথ বাহিনীর অভিযানে ধরা

কক্সবাজারে অবস্থিত আশ্রয়শিবির থেকে বের হয়ে রাঙামাটি চলে যাওয়া পাঁচ রোহিঙ্গাসহ নয়জনকে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার থেকে তাদের আটক করা হয়।

যৌথ বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের মধ্যে পাঁচ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ আশ্রয়শিবির বসবাস করতেন বলে স্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাঙমাটি সদর থেকে থেকে নৌপথে স্পিডবোটে করে ১২ জনের একটি দল লংগদু আসেন। তারা মাইনীমুখ বাজারে অবস্থান করছিল। পরে সেখানে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে নয়জনকে আটক করে।

পুলিশ জানায়, নয়জনকে আটক করা সম্ভব হলেও তিনজন পালিয়ে যান। আটকদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা ক্যাম্প থেকে আসার কথা স্বীকার করলেও অপর চারজন নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করেছেন। তবে তাদের পরিচয় ও পার্বত্য অঞ্চলে আসার উদ্দেশ্য সন্দেহজনক হওয়ায় সবাইকে আটক করা হয়েছে।

ক্যাম্পের নিরাপত্তা এড়িয়ে রোহিঙ্গারা কীভাবে লংগদুতে পৌঁছালেন এবং তাদের মূল উদ্দেশ্য কী ছিল–তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি পলাতক তিনজনকে আটকেও তৎপরতা চলছে।

লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে জানান, আটক নয়জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় ও লংগদুতে আসার উদ্দেশ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

source: Asia Post

Back to top button