News

টমটমে বসা নিয়ে দুই নারীর বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ সদর পৌরসভার উমেদনগর এলাকায় ইজিবাইকে (টমটম) বসাকে কেন্দ্র করে দুই নারী যাত্রীর মধ্যে কথা কাটাকাটির জেরে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে উমেদনগর পশ্চিম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উমেদনগর পশ্চিম এলাকায় একটি ইজিবাইকে বসাকে কেন্দ্র করে দুই নারী যাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি তাদের পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।

পরে তা দুই গোষ্ঠীর বিরোধে রূপ নেয়। এরই জেরে উমেদনগর পশ্চিম এলাকার ‘মোল্লাবাড়ি’ ও ‘খাঁ বাড়ি’র লোকজন দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের লোকজন পরস্পরকে ধাওয়া করে এবং ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষের সময় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক বলেন, টমটমে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

source: Asia Post

Back to top button