News

হাইতিতে সন্ত্রাসী হামলা নিহত ৪৭, আহত ২২

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে পার্বত্য এলাকা কেন্সকফে রাতভর সন্ত্রাসী গ্যাং হামলায় অন্তত ৪৭ জন নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছেন। পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই জঘন্য হামলা চললেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো সুরক্ষা দিতে পারেনি—এমন অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

জাতিসংঘের ইন্টিগ্রেটেড অফিস জানিয়েছে, কেন্সকফে চালানো এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মানবাধিকার সংগঠন আরএনডিডিএইচ জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১০টার পর শুরু হওয়া এই তাণ্ডবে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, যার মধ্যে বিখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জ্যঁ উইলিয়াম পাপের বাড়িও রয়েছে।

হাইতি সরকার এই হামলাকে ‘জঘন্য’ হিসেবে আখ্যা দিয়ে কেন্সকফে দ্রুত সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। তবে সুরক্ষায় ব্যর্থতার দায় নিয়ে স্থানীয়রা পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করেছেন। বিগত এক বছরে এ এলাকায় দফায় দফায় সশস্ত্র গ্যাংদের হামলায় শত শত মানুষ নিহত ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ডিসেম্বরে দেশটির বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে গ্যাংগুলোর ক্রমবর্ধমান নিয়ন্ত্রণে ডিসেম্বরের নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

source: Rajneete

Back to top button