শিক্ষামন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন খাতের উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি এ সময় বলেন, আমরা যদি এ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিতে সক্ষম হব। এজন্য আমরা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন সেক্টরের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।
শিক্ষার মানোন্নয়নে দুই দেশ ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
source: Asia Post







