নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানিয়েছে

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন ও চীনা দূতাবাস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর পৃথক বার্তায় অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।
বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং।
চীনা দূতাবাস আশা প্রকাশ করে, দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও চীন এবং উভয় দেশের জনগণ আরও বেশি সুফল লাভ করবে।
অন্যদিকে ব্রিটিশ হাইকমিশন বলেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।
এতে উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
source: Asia Post







