ওষুধ শিল্পে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-নাইজেরিয়ার মধ্যে আলোচনা

বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে ওষুধ শিল্প খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল বিভাগের এই আলোচনা হয়।
সোমবার (১৭ আগস্ট) ওষুধ শিল্প খাতে সহযোগিতার বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন।
নাইজেরিয়ার আবুজাতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই আয়োজন করা হয়।
দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই দেশের মধ্যে একটি কার্যকর ওষুধ শিল্প অংশীদারত্ব গড়ে তোলার প্রচেষ্টায় এই আলোচনা একটি মাইলফলক।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন। এ ছাড়া আলোচনায় নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির ও ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
নাইজেরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল বিভাগের মহাপরিচালক অধ্যাপক মোজিসোলা ক্রিশ্চিয়ানাহ আদেয়েয়ে।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মোজিসোলা ক্রিশ্চিয়ানাহ আদেয়েয়ে ওষুধ খাতে বিশেষ করে স্থানীয় উৎপাদনে বাংলাদেশের অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তিনি নাইজেরিয়ার বাজারে প্রবেশ করতে আগ্রহী বাংলাদেশি প্রস্তুতকারকদের জন্য বাজার সুবিধা, নিবন্ধন এবং পরিদর্শন সংক্রান্ত নিয়মাবলী তুলে ধরেন।
অধ্যাপক মোজিসোলা ক্রিশ্চিয়ানাহ আদেয়েয়ে প্রযুক্তি হস্তান্তর, বায়োলজিক্স ও ভ্যাকসিন, ফিল-অ্যান্ড-ফিনিশ উৎপাদন এবং এপিআই বিশ্লেষণ ও আমদানিকে নাইজেরিয়ার জন্য প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেন। একই সঙ্গে তিনি ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল বিভাগের ‘৫+৫’ নীতি অনুযায়ী যৌথ ওষুধ উৎপাদনের প্রস্তাব দেন।
নাইজেরিয়ার পক্ষ থেকে ওষুধ খাতে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করা হয়। বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন উল্লেখ করেন, বাংলাদেশ তার দেশীয় ওষুধের চাহিদার ৯৮ শতাংশ স্থানীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করে এবং বিদেশেও রপ্তানি করে।
তিনি নাইজেরিয়ার বাজারে প্রবেশে বাংলাদেশি প্রস্তুতকারকদের আগ্রহের কথা জানান। বাংলাদেশ প্রতিনিধি দল নাইজেরিয়ার বাজারে ভ্যাকসিনের চাহিদা এবং এর প্রয়োজনীয়তা নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা চালানোর প্রস্তাব করে। পাশাপাশি ভ্যাকসিন ও বায়োসিমিলার উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান দক্ষতা এবং বেশ কয়েকটি প্রস্তুতকারকের নিজস্ব এপিআই উৎপাদন সক্ষমতার কথা তুলে ধরে।
উভয় পক্ষ দুটি কারিগরি কমিটি গঠনে সম্মত হয়েছে। এর মধ্যে একটি বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর ও নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং অন্যটি দুই দেশের সরকারি ও শিল্প প্রতিনিধিদের নিয়ে একটি বৃহত্তর বহু-অংশীজন কমিটি।
কমিটিগুলো প্রস্তাবিত সমঝোতা স্মারকের সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করবে। এ ছাড়া এপিআই রপ্তানি, প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন এবং কারিগরি সহযোগিতার পরবর্তী পদক্ষেপগুলোর বিষয়ে সুপারিশ করবে।
সমাপনী বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার মো. মাইনুল কবিরএই গঠনমূলক আলোচনাকে স্বাগত জানান। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অব্যবহৃত বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। দুই দেশের ওষুধ শিল্প খাতের সক্ষমতা যাচাইয়ে নাইজেরিয়ার একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের এবং শক্তিশালী ব্যবসায়িক যোগাযোগ (বিটুটি) গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। এই অংশীদারত্বকে এগিয়ে নিতে হাইকমিশনের সার্বিক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি।
source: Asia Post







