News

৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ঢাকায় হতে পারে বৃষ্টি

দেশের ৬টি অঞ্চলের নদীবন্দরে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ঢাকাসহ আশপাশের এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এই পূর্বাভাস দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ এসব এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৮৩ শতাংশ। ঢাকার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিটে।

source: Asia Post

Back to top button