এমপি আয়নুলের গাড়িতে হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় সংসদ সদস্য শারীরিকভাবে আহত না হলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শনিবার (১৫ আগস্ট) রাতে স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে থানায় মামলাটি করেন।
ওসি বলেন, হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযানও চালানো হচ্ছে। তবে তদন্তের স্বার্থে মামলায় আসামিদের নাম প্রকাশ করতে চাননি তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনা ঘটে। রায়গঞ্জে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে ওই এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্যের গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
হামলার পর সংসদ সদস্যের সঙ্গে থাকা এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভে এ ঘটনার জন্য জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দায়ী করেন।
তবে অভিযোগ অস্বীকার করে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, হামলার সময় জামায়াতের নেতাকর্মীরা নিজস্ব কর্মসূচিতে ছিলেন। তাই তাদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ ‘মিথ্যা’। একই সঙ্গে তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, হামলার ঘটনায় শনিবার রাতেই মামলা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
source: Asia Post







