বিএনপি সরকারে আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ পৌঁছে পাকুন্দিয়ায় প্রথম সমাবেশে অংশ নিয়ে জনগণের উদ্দেশে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। এই সমর্থন দিয়ে আপনারা আস্থা রেখেছিলেন বিএনপির ওপরে। পরিষ্কারভাবে বলে দিতে চাই, ইনশাআল্লাহ আপনারা আস্থা ধরে রাখুন। বিএনপি আপনাদের সঙ্গে ছিল, বিএনপি বাংলাদেশের জনগণের পাশে আছে এবং জনগণের পাশে থাকবে।
বিএনপি যত দিন টিকে থাকবে, তত দিন দেশের জনগণের জন্য কাজ করবে বলে জানান তিনি। তিনি বলেন, বিএনপি কখনও দেশ এবং জনগণের স্বার্থের বাইরে কাজ করবে না।
কিছু ব্যক্তি রাস্তায়-রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়। তাদের চাকরি-বাকরি ক্ষতিগ্রস্ত হয়। তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু উপকৃত হয় বিশৃঙ্খলাকারী।
তারেক রহমান বলেন, আজকে শপথ গ্রহণ করি, সবাই প্রতিজ্ঞা করি যে, দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণ জনগণের সব শক্তি নিয়ে প্রতিরোধ করবে।
দেশের মানুষ এখন দেশের শান্তি চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন আইনের শাসন চায়। দেশের মানুষ কর্মসংস্থান চায়। তার সন্তানদের জন্য শিক্ষা চায়, পরিবারের জন্য স্বাস্থ্য ব্যবস্থা চায়। এই কাজগুলো করতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ব্যাপারে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি ওয়েলফেয়ার স্টেট গঠন করা, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা এবং সে কারণে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করছি। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি শুরু করেছি, যা আপনাদের সামনে তুলে ধরেছি।
পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দেশের মানুষ উপকৃত হবে বলে জানান তিনি। তিনি বলেন, আপনারা যে সমর্থন দিয়েছিলেন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে, সেই সমর্থনের ওপরে আস্থা ধরে রাখুন।
source: Asia Post







