News

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, গণতান্ত্রিক দেশে অনেক ইস্যু থাকবে, তবে সবই সমাধনযোগ্য।

সচিবালয়ে সাক্ষাতের বিষয়টি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

আরো পড়ুন

সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

গত জুন মাসে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন।

গতকাল রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। বৈঠকের শুরুতে দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দীনেশ ত্রিবেদী ও খলিলুর রহমান আধা ঘণ্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক করেন।

গত ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব শুরু করেন দীনেশ ত্রিবেদী। এরপর ২৯ জুলাই তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন। গতকাল দ্বিতীয়বারের মতো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার।

দায়িত্ব নেওয়ার দিনই ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন ত্রিবেদী। সেখানে প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন তিনি।

source: Asia Post

Back to top button