News

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মগবাজারে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিরা জানান, একটি কাভার্ড ভ্যান দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কে থাকা দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুজন হলেন নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে জামান আহমেদ (৪২) এবং একই গ্রামের লিয়াকত ফকিরের ছেলে রিয়াদ হোসেন (২২)।

আরো পড়ুন

দুর্ঘটনায় আহত হাসপাতালে চিকিৎসাধীন রিপন (৪০) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামের মৃত মোতালিব সরদারের ছেলে। তিনি ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায় বসবাস করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটি মালিবাগের দিকে যাচ্ছিল। ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

source: Asia Post

Back to top button