News

আগস্টের ৮ দিনে এলো ১১ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি আগস্ট মাসের প্রথম আট দিনে দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ২৯১ কোটি টাকা) রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৬৪০ মিলিয়ন ডলার (প্রায় ৭ হাজার ৮৯৮ কোটি টাকা)। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৪২ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিন দিনে প্রবাসী বাংলাদেশিরা ৩১৩ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ৮৬২ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন ডলার (প্রায় ৪৬ হাজার ৫৫৮ কোটি টাকা)। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন ডলার (প্রায় ৩৮ হাজার ৪৭৬ কোটি টাকা)।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশ। যা বিদেশে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের শক্তিশালী আয় প্রবাহের প্রতিফলন।

আরো পড়ুন

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক প্রভাব পড়ছে। রেমিট্যান্সের এ ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরানোর পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক হবে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। আগস্টের শুরুতেও সেই প্রবাহ অব্যাহত থাকায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ে আরও গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

source: Asia Post

Back to top button