শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা : ডিএমপি

আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
সভায় জানানো হয়, আগামী ৪ সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী উদযাপিত হবে। এই উৎসব উপলক্ষে রাজধানীতে পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি পর্যবেক্ষণ, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি ও সাদা পোশাকের গোয়েন্দা দল, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
সভায় শোভাযাত্রা নির্ধারিত রুট ও সময়ের মধ্যে শেষ করা, নামাজ ও আজানের সময় লাউডস্পিকার ব্যবহার থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ বা পোটলা বহন না করা এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। উৎসবটি শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করতে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার সংশ্লিষ্ট উদযাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধান করতে হবে। পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তা সদস্য ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, রামকৃষ্ণ মঠ ও মিশন এবং ইসকন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
source: Asia Post






