News

আগামী সপ্তাহে আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন আলোচনা, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের যুদ্ধ বন্ধের পথ খোঁজার পাশাপাশি যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি ও উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) খালিজ টাইমসের খবরে বলা হয়, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এ বৈঠকের কথা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসানে শীত শুরুর আগেই কোনো অগ্রগতি অর্জন করতে চাইছেন মার্কিন আলোচকরা। এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বশেষ শান্তি আলোচনা হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উইটকফ বলেন, আবুধাবির বৈঠকে ‘যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি, উত্তেজনা প্রশমন, মানবিক পদক্ষেপ এবং যুদ্ধের অবসান’ নিয়ে আলোচনা হবে।

মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন উইটকফ এবং দেশটির প্রধান আলোচক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

এর আগে দুই সপ্তাহ আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উইটকফের সঙ্গে বৈঠকের পর নতুন করে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে সম্মতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত বন্ধে ওয়াশিংটনের সর্বশেষ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে আবুধাবির বৈঠককে।

এদিকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা, ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তাকাঠামো এবং দেশটির পুনর্গঠনে অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে ব্রাসেলসে বৈঠক করবেন মার্কিন আলোচকরা। এতে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।

তিনি বলেন, সাম্প্রতিক আলোচনার ধারাবাহিকতায় এসব বৈঠকের আয়োজন করা হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তিচুক্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত প্রচেষ্টার অংশ এসব উদ্যোগ।

তবে সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে এখনো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। এর মধ্যেই সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের ওপর চাপ বাড়িয়ে চলেছেন ট্রাম্প।

source: Rajneete

Back to top button