News

পোশাকশিল্পে অস্থিরতার পেছনে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক কারখানায় উৎপাদন বন্ধ করতে শ্রমিকদের উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, শ্রমিকদের বেতন-ভাতার দাবির আড়ালে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে কোনো কোনো মহল। কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করার কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন এলাকায় শ্রমিকদের ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সবকিছুর সঙ্গে শ্রমিকদের দাবি-দাওয়ার সরাসরি সম্পর্ক নেই। কিছু পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে। এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শ্রমিকদের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দাবি নিয়ে আলোচনা ও সমাধানের প্রক্রিয়া চলছে। এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে, যার কার্যক্রমও শুরু হয়েছে। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে কথা হয়েছে। আলোচনায় দুই পক্ষই সন্তুষ্ট বলে দাবি করেন তিনি।

মজুরি নির্ধারণের বিষয়ে তিনি বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির ভিত্তিতে সিদ্ধান্ত হবে। শ্রমিকদের জীবনমানের উন্নতি হয়, এমন বিষয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলার পরও নতুন করে অস্থিরতা তৈরির কোনো কারণ নেই। যারা কারখানা বন্ধ করা বা উৎপাদন ব্যাহত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টার পেছনে পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোনো মহলের রাজনৈতিক স্বার্থ রয়েছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।

source: Asia Post

Back to top button