News

অবশেষে ঢাকায় ফিরছে রোমে আটকা পড়া বাংলাদেশ বিমান

কারিগরি ত্রুটি সারিয়ে ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ফ্লাইটটির।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) বোসরা ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোম থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ফ্লাইটের যাত্রা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন বোসরা ইসলাম। তিনি বলেন, ‘সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।’

এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) নির্ধারিত জ্বালানি নেওয়ার (রিফুয়েলিং) জন্য রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দরে স্থানীয় সময় সোয়া ৭টার দিকে রোম বিমানবন্দরে অবতরণ করে টরন্টো-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি। এরপর ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা থাকলেও উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা আর সম্ভব হয়নি। রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত হয়। এতে ফ্লাইটটির আড়াই শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। এমন পরিস্থিতিতে দ্রুত সমস্যার সমাধান করে তাদের ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন যাত্রীরা। পরবর্তীতে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি শনাক্ত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে উড়োজাহাজটি নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা করেছে।

source: Asia Post

Back to top button