জুলাই-পরবর্তী নারী নেতৃত্বের প্রতিবন্ধকতা ও উত্তরণ নিয়ে গোলটেবিল মঙ্গলবার

দেশের নেতৃত্বস্থানীয় ও তরুণ নারীদের অংশগ্রহণে বাংলাদেশ গ্রিন পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই-পরবর্তী নারী নেতৃত্ব: প্রতিবন্ধকতা ও উত্তরণ’ শীর্ষক এক জাতীয় গোলটেবিল বৈঠক।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ গ্রিন পার্টি এশিয়া পোস্টকে জানিয়েছে, জুলাই-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় বাস্তবতায় নারীর নেতৃত্বের বর্তমান অবস্থা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং তা উত্তরণের করণীয় নিয়ে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিক্ষাঙ্গন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মতবিনিময় করবেন।
বাংলাদেশ গ্রিন পার্টির অনুষ্ঠান সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইউসুফ আম্মার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে অতিথি হিসেবে দেশের নেতৃত্বস্থানীয় ও তরুণ নারী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ, নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন পারভীন হক, বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি ও নিপুণ রায় চৌধুরী, জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য মারদিয়া মমতাজ এবং গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়শা, এনপিএর মুখপাত্র নাজিফা জান্নাত এবং অল্টারনেটিভসের সংগঠক মায়িদা তানহা বিদুষী।
এ ছাড়া ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা, ডাকসুর সাবেক কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া, জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শ্যামলী সুলতানা জেদনী, জাতীয় নারীশক্তির যুগ্ম আহ্বায়ক আশরেফা খাতুন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা, ঢাবি ছাত্রদলের ফজিলাতুন্নেছা মুজিব হলের আহ্বায়ক মালিহা বিনতে খান অবন্তী, জেডিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নুরা জেরিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী আফিয়া জান্নাত অনন্যা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
source: Asia Post







