আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশের সাক্ষাৎ

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশে ক্রিস্তেল ফন্টেইন।
রোববার (২৯ মার্চ) আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশে পুলিশ হেডকোয়ার্টার্সে আসেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌহার্দপূর্ণ এ সাক্ষাতে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি ক্রাউড কন্ট্রোল, অভিবাসী সহায়তা, অপরাধ তদন্ত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের সক্ষমতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশের আগ্রহকে স্বাগত জানিয়ে আইজিপি ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, পার্বত্য অঞ্চল ও রোহিঙ্গা ক্যাম্পসমূহে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, অভিবাসন, সাইবার নিরাপত্তা ও মানবপাচার বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং উভয় দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: Asia Post







